স্ত্রী-সন্তানসহ পরিবারের নিরাপত্তা নিশ্চিত, নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি**
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) কর্মরত বাংলাদেশি সাংবাদিক নওশের আলম চৌধুরী ওরফে সুমনকে দেশে ফিরলে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন সাংবাদিক, ব্যবসায়ী, রাজনৈতিক, সামাজিক ও প্রবাসী সংগঠনের নেতারা। একই সঙ্গে তার স্ত্রী-সন্তানসহ পরিবারের নিরাপত্তা নিশ্চিত, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
নওশের আলম চৌধুরী সুমন সংযুক্ত আরব আমিরাতে গ্লোবাল টেলিভিশন ও বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রবাসীদের অধিকার, সমস্যা ও সম্ভাবনা, ভিসা জটিলতা, শ্রমবাজার, রেমিট্যান্স, প্রবাসী হয়রানি, দূতাবাস ও কনস্যুলেটের সেবা এবং বাংলাদেশ-ইউএই দ্বিপক্ষীয় সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে তিনি সংবাদ প্রকাশ করে আসছেন। পাশাপাশি নিজ এলাকায় সামাজিক ও মানবিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও সম্পৃক্ত রয়েছেন।
পরিবারের অভিযোগ, রংপুর সদর উপজেলার পাগলাপীর মহাদেবপুর পশ্চিমপাড়া এলাকায় মসজিদ নির্মাণের জন্য নির্ধারিত একটি জমিকে কেন্দ্র করে ২০১৮-১৯ সাল থেকে বিরোধের সূত্রপাত। মসজিদের কাজে ব্যবহারের উদ্দেশ্যে জমিটি ভরাট করার পর স্থানীয় একটি পক্ষের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এরপর বিভিন্ন সময়ে বাধা, হুমকি, হামলা ও হয়রানির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। এসব ঘটনায় একাধিক মামলা ও পাল্টাপাল্টি অভিযোগের পরিস্থিতিও তৈরি হয়েছে বলে তারা জানান।
পরিবারের আরও দাবি, দীর্ঘদিন ধরে চলমান এ বিরোধের জেরে নওশের আলম সুমন দেশে ফিরলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী শারমিন নাহার রংপুর কোতোয়ালী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত সন্তোষজনক অগ্রগতি তারা জানতে পারেননি বলে দাবি করেছেন। স্থানীয় থানা পুলিশ থেকে শুরু করে ঊর্ধ্বতন প্রশাসন ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরে প্রতিকার চেয়েও কাঙ্ক্ষিত সমাধান না পাওয়ার অভিযোগ তাদের।
নওশের আলম সুমনের স্ত্রী শারমিন নাহার ও দুই সন্তান সিয়াম এবং সিফাত বাংলাদেশে বসবাস করেন। পরিবারের অভিযোগ, দেশে নিরাপদে বসবাস এবং এলাকায় সামাজিক ও ধর্মীয় উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রেও তারা নানা বাধা ও হয়রানির মুখোমুখি হচ্ছেন।
এদিকে এ ঘটনায় সংযুক্ত আরব আমিরাতের সাংবাদিক সংগঠনগুলো পৃথক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম, ইউএই-এর বিবৃতিতে বলা হয়, একজন সাংবাদিকের পেশাগত পরিচয় কিংবা ব্যক্তিগত কোনো বিরোধের কারণে তার জীবন ও পরিবারের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে না। সংগঠনটি অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।
বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর পক্ষ থেকে বলা হয়, এ ধরনের অভিযোগের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। তদন্তে কোনো ধরনের অবহেলা বা পক্ষপাতের অভিযোগ থাকলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
অন্যদিকে প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) তাদের বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে জানায়, প্রবাসে কর্মরত কোনো বাংলাদেশির পরিবার নিজ দেশে অনিরাপদ অবস্থায় থাকতে পারে না। নওশের আলম সুমনের স্ত্রী-সন্তানসহ পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং অভিযোগের দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে সংগঠনটি।
এ ঘটনায় নিন্দা জানিয়েছেন দুবাই বিজনেস অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব ইয়াকুব সুনিক। তিনি বলেন, “একজন প্রবাসী রেমিট্যান্সযোদ্ধা তার কষ্টার্জিত অর্থ দিয়ে দেশে সামাজিক উন্নয়নে কাজ করবেন, অথচ তাকে বাধা দিয়ে হুমকি-ধমকি দেওয়া হবে—এটি অত্যন্ত দুঃখজনক।”
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইউএই শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী সালাউদ্দিনও এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, “বর্তমান সরকার প্রবাসীবান্ধব সরকার। সরকারের কাছে দাবি জানাই, প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং দেশে তাদের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাধা ও হুমকি প্রদানের ঘটনায় যথাযথ ব্যবস্থা নিতে হবে।”
এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন সামাজিক, সাংগঠনিক ও রাজনৈতিক পর্যায়ের ব্যক্তিরাও এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, ব্যক্তিগত কিংবা জমিসংক্রান্ত কোনো বিরোধ থাকলে তা আইন ও আদালতের মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত। হুমকি, ভয়ভীতি কিংবা সহিংসতার মাধ্যমে কাউকে দমিয়ে রাখার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
প্রতিবাদকারীরা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি নিজ নিজ এলাকায় শিক্ষা, ধর্মীয় ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও ভূমিকা রাখছেন। এসব কর্মকাণ্ডে কেউ বাধা কিংবা হুমকির শিকার হলে তার সুষ্ঠু প্রতিকার নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব।
তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নওশের আলম সুমনের করা অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত, তার স্ত্রী শারমিন নাহার ও দুই সন্তানসহ পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন। একই সঙ্গে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

