তেরখাদা(খুলনা)প্রতিনিধিঃ খুলনা জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাত বলেছেন,
তেরখাদা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এ থেকে উত্তরণের জন্য অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
জেলা প্রশাসক বলেন, বর্তমান যুগে প্রযুক্তির যথাযথ ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি সেবাকে আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করতে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। পাশাপাশি প্রযুক্তির অপব্যবহার রোধ এবং ডিজিটাল সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্যোগী হতে হবে। তিনি বলেন, একটি সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশের এলাকা পরিষ্কার রাখা সবার দায়িত্ব। পরিচ্ছন্নতা কার্যক্রমকে শুধু আনুষ্ঠানিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত অভ্যাসে পরিণত করতে হবে।
ডেঙ্গু প্রতিরোধে তিনি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, কোথাও যেনো পানি জমে মশার বংশবিস্তার না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। ডেঙ্গুর বিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, তেরখাদা উপজেলাকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহবান জানান। তিনি গত ২৬ অক্টোবর বিকেল ৪টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আবু রায়হান, ভেটেরিনারী সার্জন জুপি রানী সরকার, মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক, আইসিটি অফিসার মোহাম্মদ রাকিবুল ইসলাম, সমাজসেবা অফিসার অতিশ সরদার,উপজেলা প্রকৌশলী মাসুদ আজিজুর রহমান, যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল হাই, সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার পুষ্পেন্দু কুমার ঘরামী, প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ শিকদার, উপজেলা ইউআরসি ইন্সটেক্টর মোঃ নজিবুল ইসলাম, সমবায় অফিসার মোঃ হারুন অর রশিদ,পল্লী সঞ্চয়ী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মুক্তামন্ডল, তথ্য সেবা অফিসার তাসলিমা খাতুন। সভায় এছাড়াও বিভিন্ন দপ্তরের অফিসাররা উপস্থিত ছিলেন। পরে তিনি বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।

