মো:আতাউর রহমান, মতলব উত্তর প্রতিনিধি:
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে স্থায়ীভাবে জনবল নিয়োগের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে আজ ০৪ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখে এই বিজ্ঞপ্তি জারি করা হয়। ‘মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিচালনা নীতিমালা ২০২১’ অনুযায়ী উপজেলার এই মডেল মসজিদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে মুয়াজ্জিন ও খাদেম পদে লোকবল নেওয়া হবে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে মুয়াজ্জিন পদে ১ জন এবং খাদেম পদে ১ জনসহ মোট দুটি শূন্য পদে যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
নিয়োগপ্রাপ্ত মুয়াজ্জিন পদের জন্য মাসিক সম্মানী ১০,০০০/- টাকা (সর্বসাকুল্যে) এবং খাদেম পদের জন্য ৭,৫০০/- টাকা (সর্বসাকুল্যে) নির্ধারণ করা হয়েছে। মুয়াজ্জিন পদের প্রার্থীর জন্য দ্বিতীয় শ্রেণির আলিম অথবা সমমানের কওমী শিক্ষাগত যোগ্যতা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে মুয়াজ্জিন হিসেবে অন্তত ৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া হাফেজ-ই-কোরআন ও ইলমে কিিরাতের ওপর স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সনদপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে। অন্যদিকে, খাদেম পদের জন্য প্রার্থীর সমমানের কওমী শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি শারীরিকভাবে সুস্থ ও সক্ষম হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে খাদেম হিসেবে ১ (এক) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
আগ্রহী প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। আবেদনের সাথে পৌরসভা বা ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ, প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে। এছাড়া আবেদন ফি বাবদ মুয়াজ্জিন পদের জন্য ৭০০/- (সাতশত) টাকা এবং খাদেম পদের জন্য ৫০০/- (পাঁচশত) টাকার পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট (ফেরতযোগ্য নয়) যেকোনো তফসিলী ব্যাংক থেকে “উপজেলা নির্বাহী অফিসার, মতলব উত্তর, চাঁদপুর” বরাবর সংগ্রহ করে দাখিল করতে হবে।
আগ্রহী প্রার্থীদের আগামী ১৯/১০/২০২৬ খ্রি. তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাকযোগে বা সরাসরি উপজেলা নির্বাহী অফিসার, মতলব উত্তর, চাঁদপুর বরাবর আবেদনপত্র পৌঁছাতে হবে। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ, খামের উপর পদের নাম বড় অক্ষরে স্পষ্ট না লেখা থাকলে কিংবা দেরিতে প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না এবং তা সরাসরি বাতিল বলে গণ্য হবে। এছাড়া এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না এবং নিয়োগের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

