মোঃ হামিদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ১০ হাজার ৪০ টাকা এবং জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল কবির। এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ঝগড়ারচর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী উপজেলার ঝগড়ারচর এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এ সময় হাতেনাতে জুয়া খেলা অবস্থায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রাতেই সংশ্লিষ্ট আইনে জুয়া প্রতিরোধ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— ওহেদুজ্জামান ওরফে অমেল মিয়া (৩০), এরশাদুল (২৮), পাঞ্জু মিয়া (৩৫), মজিয়ার আলী (৩৩), মহিউদ্দিন (৫০), আনিছুর রহমান (২৭), মানিক মিয়া (৪৩), মানিক মিয়া ওরফে ফকির (২৮), ফরহাদ হোসেন (৪০), মঞ্জু মিয়া (৩২), হাসেম মিয়া (৫০) ও বাবুল মিয়া (৪৫)। তারা সবাই রৌমারী উপজেলার ঝগড়ারচর ও ঝগড়ারচর মাঝিপাড়া এলাকার বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার রাসেল কবির জানান, “সমাজ থেকে অপরাধ ও অপরাধমূলক কর্মকাণ্ড দূর করতে জুয়ার বিরুদ্ধে আমাদের নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। চলতি মাসেই রৌমারীতে জুয়া খেলার অপরাধে মোট ২৯ জনকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে।

