ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে ইউরিয়া সার বিতরণে হট্টগোল, সড়ক অবরোধ

প্রতিবেদক
Sagar Chandra
সেপ্টেম্বর ২০, ২০২৬ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

মোঃ হামিদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

​কুড়িগ্রামে ইউরিয়া সার বিতরণকে কেন্দ্র করে কয়েকটি এলাকায় হট্টগোল ও সাময়িক সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। তবে প্রশাসন, পুলিশ ও কৃষি বিভাগের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং পরবর্তীতে সার বিতরণ কার্যক্রম স্বাভাবিক হয়।

​রোববার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে সদর উপজেলার মাঠেরপাড় ও ঘোগাদহসহ বিভিন্ন ডিলার পয়েন্টে সার নেওয়ার জন্য শত শত কৃষক দীর্ঘ লাইনে দাঁড়ান। কৃষকদের অভিযোগ, চাহিদার তুলনায় কম সার দেওয়া হচ্ছে এবং বিতরণে অনিয়ম করা হচ্ছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে একপর্যায়ে কয়েকটি স্থানে উত্তেজিত কৃষকরা সাময়িক সড়ক অবরোধ করেন।

​খবর পেয়ে উপজেলা প্রশাসন, সদর থানা পুলিশ ও কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে কৃষকদের বিষয়টি বুঝিয়ে বললে পরিস্থিতি শান্ত হয়। পরবর্তীতে কর্মকর্তাদের সার্বিক নজরদারিতে পুনরায় সার বিতরণ কার্যক্রম শুরু হয়।

​সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কৃষক নুরুল হক বলেন, “আমার দুই বস্তা সার প্রয়োজন, কিন্তু সেখানে এক বস্তা দেওয়া হচ্ছে। পর্যাপ্ত মূল্য দিয়ে সার কিনতে গিয়েও যদি এমন ভোগান্তিতে পড়তে হয়, তবে আমরা চাষাবাদ করব কীভাবে?”

​কৃষকদের জোর দাবি, আমন মৌসুমে সার সরবরাহ যেন সম্পূর্ণ সুনিশ্চিত করা হয়, যাতে পরবর্তীতে এমন বিশৃঙ্খলা ও ভোগান্তির পুনরাবৃত্তি না ঘটে।

​কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, জেলায় কোনো প্রকার সারের ঘাটতি নেই। বর্তমানে চাহিদার তুলনায় প্রায় এক হাজার মেট্রিক টন ইউরিয়া সার অতিরিক্ত মজুত রয়েছে। অসাধু একটি চক্র সরকারকে বেকায়দায় ফেলতে পরিকল্পিতভাবে এই অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে।

​জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সার বিতরণে সব ধরনের অনিয়ম রোধ করতে ডিলার পয়েন্টগুলোতে তদারকি ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

Don`t copy text!