মোঃ হামিদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রাম পৌর শহরের চর হরিকেশ এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাতে রোস্তম আলী খোকা (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত জলিল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে চর হরিকেশ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রোস্তম আলী খোকা ওই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চা পান শেষে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন রোস্তম আলী। এ সময় কোনো পূর্ববিরোধ বা উসকানি ছাড়াই জলিল হঠাৎ তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধারের চেষ্টা করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ক্ষুব্ধ এলাকাবাসী ধাওয়া করে অভিযুক্ত জলিলকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
এলাকাবাসীর অভিযোগ, চর হরিকেশ এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের বিস্তার ঘটেছে। এর ফলে চুরি, ছিনতাইসহ নানা অপরাধ বেড়ে যাওয়ায় স্থানীয়রা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা এই নৃশংস হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার এবং এলাকায় মাদকবিরোধী অভিযান জোরালো করার দাবি জানিয়েছেন।
কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তকে ইতোমধ্যে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

