সজিব সিদ্দিক, নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রধানমন্ত্রীর প্রদত্ত নির্দেশনা অনুযায়ী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬’ উপলক্ষে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জের উদ্যোগে জেলার সব উপজেলায় একযোগে কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করা হয়।
অনুষ্ঠান শেষে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালি পরবর্তী সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। ডেঙ্গুর বিস্তার রোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা হয়।
নারায়ণগঞ্জ শহরের চাষাড়া থেকে লিংক রোড পর্যন্ত সম্পূর্ণ রাস্তা পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

