সিরাজুল ইসলাম,কমলনগর (লক্ষ্মীপুর):
লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন (৭৯) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ রোববার বাদ আসর লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে বলে তার পারিবারিক সূত্রে নিশ্চিত করা হয়েছে।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবন:
প্রবীণ এই রাজনীতিবিদ মহান মুক্তিযুদ্ধের সময় জয় বাংলা বাহিনী (বিএলএফ)-এর নোয়াখালী ও হাতিয়া জোনের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্রজীবনে তিনি অত্যন্ত মেধাবী ও সক্রিয় ছিলেন; ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।
রাজনৈতিক জীবনে ১৯৮৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আ স ম আবদুর রব আসনটি ছেড়ে দিলে উপ-নির্বাচনে মোশারফ হোসেন লক্ষ্মীপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া সর্বশেষ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
শোক প্রকাশ:
বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক মন্ত্রী ও স্বাধীনতার পতাকা উত্তোলক আ স ম আবদুর রব, লক্ষ্মীপুর-৪ আসনের বর্তমান সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান, কমলনগর প্রেস ক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু, সাধারণ সম্পাদক মো. ফয়েজসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

