বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গ্রামবাসীদের গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত আরও এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত মঙ্গলবার (১৯ মে) দিবাগত গভীর রাতে উপজেলার কুসুম্বি ইউনিয়নের চন্ডেশ্বর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. রাফি মন্ডল (২৪)। তিনি ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের নাটাবাড়ী গ্রামের বুলু মন্ডলের ছেলে। আহত যুবকের নাম মো. জাহাঙ্গীর হোসেন (৩২)। তিনি একই উপজেলার বড়বিলা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
स्थानीय সূত্রে জানা যায়, চন্ডেশ্বর গ্রামে গভীর নলকূপের সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরিরোধে বিশেষ অ্যালার্ম ডিভাইস লাগানো ছিল। মঙ্গলবার দিবাগত রাতে রাফি ও জাহাঙ্গীরসহ চোরচক্রের সদস্যরা ওই ট্রান্সফরমারটি চুরি করতে যায়। এ সময় ট্রান্সফরমার স্পর্শ করতেই ডিভাইসের সংকেত পেয়ে সেচ পাম্পের মালিক রমজান আলী ও আব্দুল জলিলের মোবাইল ফোন বেজে ওঠে। বিষয়টি টের পেয়ে তারা ‘চোর চোর’ বলে চিৎকার শুরু করেন।
তাদের চিৎকারে আশপাশের গ্রামের বাসিন্দারা ছুটে এসে ঘটনাস্থল থেকে রাফি ও জাহাঙ্গীরকে হাতেনাতে আটকে ফেলেন। এ সময় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়।
পরে খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহত দুই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৪টার দিকে রাফি মন্ডল মারা যান।
শেরপুর থানা পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

