আরিফুল ইসলাম খান
সিরাজদিখান প্রতিনিধি:
অবৈধ মাটি কর্তন বন্ধে সিরাজদিখান উপজেলা-এর বিভিন্ন এলাকায় যৌথ টাস্কফোর্স অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করা হয়েছে। গতকাল রাত ১০টা থেকে রাত ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অংশ নেন।
অভিযান চলাকালে উপজেলার লতব্দির রামকৃষ্ণদি, বালুচরের কয়রাখোলা, বাসাইলের ঘোড়ামাড়া এবং কেয়াইন এলাকায় টহল জোরদার করা হয়। অবৈধ মাটিকাটা কার্যক্রম প্রতিরোধে তাৎক্ষণিক নজরদারি ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম। উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মো. তানজীব, সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহদুল ইসলাম বারি, সার্কেল এএসপি আনোয়ার পারভেজ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকি, অফিসার ইন চার্জ মো. আব্দুল হান্নানসহ সেনা ও পুলিশ বাহিনীর সদস্যরা।
এ সময় মাটি কর্তন সংক্রান্ত অপরাধমূলক কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগে সম্রাট (পিতা: নাসিম খান) নামে একজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।
অবৈধ মাটি কর্তন রোধে জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ-এর মোবাইল কোর্ট কার্যক্রম ও অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

