আরিফুল ইসলাম খান, সিরাজদিখান প্রতিনিধি:-
মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলা-এ অবৈধভাবে মাটির উপরিস্তর কর্তনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে চারজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার ২৩/০২/২৬ ইং সকাল ৯টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামাড়া ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌহিদুল ইসলাম বারি। এ সময় থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
অভিযানকালে জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত অবৈধভাবে মাটির উপরিস্তর কর্তন করে তা পরিবহনের সময় চারজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— জলিল (৪৫), শাহীন (৩০), সাদ্দাম (৩৭) এবং কোরবান আলী (৩৮)।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১৩ ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ (একশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, অননুমোদিতভাবে মাটি কর্তনের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

