নিজস্ব প্রতিবেদক :-
নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সকল ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের একটি অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেছেন রাজীব চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট (কেন্দ্রীয় কমিটি)।
তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার সূচনালগ্নেই এমন একটি দৃষ্টান্ত স্থাপিত হলে তা বৈষম্যহীন ও সাম্যভিত্তিক বাংলাদেশের সুস্পষ্ট অঙ্গীকার হিসেবে বিবেচিত হতো।
তিনি আরও বলেন, বাংলাদেশ একটি বহু ধর্ম, বহু সংস্কৃতি ও বহু পরিচয়ের রাষ্ট্র। তাই শপথগ্রহণের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় আয়োজনে সকল ধর্মের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হলে তা সম্প্রীতি, সহাবস্থান ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রচিন্তার দৃঢ় বার্তা বহন করত।
তার মতে, এ ধরনের উদ্যোগ কেবল আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকত না; বরং জাতীয় ঐক্যকে সুদৃঢ় করত এবং রাষ্ট্রের অন্তর্ভুক্তিমূলক চরিত্রকে আরও স্পষ্টভাবে জাতির সামনে তুলে ধরত।

