মো: আতাউর রহমান ( মতলব উত্তর প্রতিনিধি) :
সৌদি আরবের আল কাসিম এলাকায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার প্রবাসী মো. জসিম উদ্দিনকে (৪০) হত্যার অভিযোগে তাঁরই সহকর্মী সাব্বিরকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ। মরদেহ উদ্ধারের দুই দিন পর তাঁকে গ্রেপ্তার করা হয়।
নিহত জসিম উদ্দিন মতলব উত্তর উপজেলার ঘাশিরচর গ্রামের আয়্যুব আলীর ছেলে। তিনি আল কাসিমের আল গাম্মাসে একটি মাজরায় (কৃষি খামার) শ্রমিক হিসেবে কাজ করতেন। আর অভিযুক্ত সাব্বিরের বাড়ি মতলব দক্ষিণ উপজেলার চন্নি লক্ষ্মী গ্রামে; তিনি মৃত সিদ্দিকুর রহমান মাস্টারের ছেলে।
পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর প্রায় চার লাখ টাকা দেশে পাঠানোর উদ্দেশ্যে এক সহকর্মীর সঙ্গে বের হওয়ার পর নিখোঁজ হন জসিম। এর কিছুদিন পর আল কাসেমের একটি মরুভূমি থেকে বালুচাপা দেওয়া অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, জসিমকে হত্যার পর তাঁর ব্যবহৃত মোবাইল ফোন থেকে স্ত্রী ও স্বজনদের কাছে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল।
উপার্জনক্ষম একমাত্র ব্যক্তিকে হারিয়ে নিহতের স্ত্রী ও তিন কন্যাসন্তান বর্তমানে চরম অনিশ্চয়তা ও মানবেতর জীবনযাপন করছেন। শোকার্ত পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং জসিমের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছে। এ ঘটনায় মতলব উত্তর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এদিকে সৌদি পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য এবং ময়নাতদন্তের প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। প্রতিবেদন হাতে আসার পর হত্যাকাণ্ডের মূল রহস্য জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

