নিজস্ব প্রতিনিধি, মতলব
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে চাঁদপুরের মতলব দক্ষিণ পৌর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকেলে মতলব কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক বিনয় ভূষণ মজুমদার বলেন, “যুবকরাই সংগঠনের মূল শক্তি। দীর্ঘ ৩৮ বছর ধরে আমাদের এই সংগঠন মাঠপর্যায়ে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। আমাদের সাংগঠনিক পরিধি এখন আগের চেয়ে অনেক বিস্তৃত। আশা করি, নবীন ও প্রবীণের সমন্বয়ে নতুন এই কমিটি আগামীতে ধর্মীয় ও সামাজিক সেবামূলক কর্মকাণ্ডে আরও গতিশীল ভূমিকা পালন করবে।”
প্রধান বক্তার বক্তব্যে জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমরেশ দত্ত জয় বলেন, “আমরা পুরো জেলায় সংগঠনের ভিত্তি শক্তিশালী করতে ৮টি উপজেলা ও সকল পৌরসভায় সক্রিয় কমিটি গঠনের কাজ চালিয়ে যাচ্ছি। সংগঠনের লক্ষ্য ও দাবি আদায়ে রাজপথে সোচ্চার হওয়ার পাশাপাশি তৃণমূল পর্যায়ে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বজায় রাখতে যুবকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
সভায় স্থানীয় নেতৃবৃন্দ সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও মন্দিরসমূহের সুরক্ষা জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, কোনো প্রকার অপপ্রচার বা সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে তরুণ প্রজন্মকে সজাগ থাকতে হবে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এছাড়া, স্থানীয় মন্দিরগুলোর উন্নয়নের জন্য একটি শক্তিশালী তহবিল গঠন ও প্রবাসীদের সাথে সমন্বয় করে উন্নয়নমূলক কাজের পরিকল্পনা গ্রহণের বিষয়েও সভায় আলোকপাত করা হয়।
মতলব দক্ষিণ উপজেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক সমীর ভট্টাচার্যের সভাপতিত্বে এবং সদস্য সচিব চন্দন বিশ্বাসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব অজিত কুমার সাহা, জেলা যুব ঐক্য পরিষদের সদস্য সচিব পার্থ গোপাল দাস, জেলা মহিলা ঐক্য পরিষদের আহ্বায়ক শিপ্রা মজুমদার, মতলব দক্ষিণ উপজেলা ঐক্য পরিষদের আহ্বায়ক পিতোস সাহা ও সদস্য সচিব উৎপল চন্দ্র চন্দসহ অন্যান্য জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
সভা শেষে সর্বসম্মতিক্রমে সঞ্জয় সাহাকে আহ্বায়ক এবং শ্রী সুদেব চন্দ্র আচার্য্যকে সদস্য সচিব করে মতলব পৌর যুব ঐক্য পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের নীতি ও আদর্শ মেনে তৃণমূল পর্যায়ে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

