সাগর চন্দ্র স্বপন, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি:
প্রবাসী বাংলাদেশিদের সংযুক্ত আরব আমিরাতের আইন-কানুন ও বিধিবিধান মেনে চলা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহারে উদ্বুদ্ধ করতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাইয়ের উদ্যোগে শুক্রবার (১০ জুলাই ২০২৬) উম্ম আল কোয়াইনে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা প্রদান করে বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র, উম্ম আল কোয়াইন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান। বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র, উম্ম আল কোয়াইনের সভাপতি মুজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রথম সচিব (শ্রম) মিজ শাহনাজ পারভীন এবং সিনিয়র কমিউনিটি লিডার আমিরুল হক চৌধুরী এনাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
বক্তারা প্রবাসীদের প্রতি আমিরাতের আইন, শৃঙ্খলা ও স্থানীয় বিধিবিধান যথাযথভাবে অনুসরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যম দায়িত্বশীলভাবে ব্যবহারের আহ্বান জানান। একই সঙ্গে কনস্যুলেটের কর্মকর্তারা উপস্থিত প্রবাসীদের বিভিন্ন প্রত্যাশা ও সমস্যার কথা শোনেন এবং তাদের নানা প্রশ্নের উত্তর দেন।
এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে অংশগ্রহণকারীরা বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই এবং বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র, উম্ম আল কোয়াইনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

