মো: আতাউর রহমান সরকার, মতলব উত্তর প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের দায়ে ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে দায়িত্বে অবহেলার অভিযোগে ৫ জন কক্ষ পরিদর্শককে মৌখিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
আজ বুধবার (৮ জুলাই ২০২৬) ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালীন কুমিল্লা শিক্ষা বোর্ডের একটি বিশেষ প্রতিনিধি দল কেন্দ্রটি আকস্মিক পরিদর্শনে গিয়ে এই কঠোর ব্যবস্থা গ্রহণ করেন।
পরিদর্শনকালে দেখা যায়, পরীক্ষার্থীরা সুকৌশলে শার্টের ভেতরে লিখে নকল নিয়ে এসেছেন। বিষয়টি পরিদর্শকদের নজরে আসার সাথে সাথেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। বহিষ্কৃত ৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ জন নাউরী আদর্শ কলেজের অনিয়মিত শিক্ষার্থী এবং একজন নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের নিয়মিত ছাত্রী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দ্র সচিব মাসুদ পারভেজ জানান, দায়িত্বে অবহেলা ও অসদুপায় রোধে ব্যর্থতার দায়ে ৫ জন কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বিষয়টি নিশ্চিত করে বলেন, পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় হাতে-নাতে নকল ধরা পড়ায় ওই ৭ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় স্থানীয় শিক্ষাঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। শিক্ষা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নকলের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে এবং এ ধরনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

