বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে দোয়া মাহফিল, এতিম শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন ও পোশাক বিতরণ এবং ‘আমরা জুলাই যোদ্ধা’ সংগঠনের উপজেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার মির্জাপুর ইউনিয়নের দড়ি মুকুন্দ গণকবর মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘শপথ করে গড়ব দেশ, গণতন্ত্রের বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নবগঠিত উপজেলা শাখার আহ্বায়ক নাসির উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির নির্বাহী সদস্য ও আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ জেলা শাখার সভাপতি সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুণ্ডু এবং সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল।
অনুষ্ঠানে ‘আমরা জুলাই যোদ্ধা’র বগুড়া মহানগর শাখার আহ্বায়ক জুলফিকার আলম শেরপুর উপজেলা শাখার ৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেন। কমিটিতে নাসির উদ্দিনকে আহ্বায়ক, বকুল খন্দকারকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আব্দুল্লাহ আল মামুনকে সদস্য সচিব করা হয়েছে। এ সময় জুলফিকার আলম জানান, সংগঠনের কার্যক্রম দেশব্যাপী ছড়িয়ে দিতে ইতোমধ্যে ৩৯টি উপজেলায় কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে এতিমখানার ২২ জন শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন শরিফ এবং ৫৫ জন শিক্ষার্থীর হাতে নতুন টুপি ও পাঞ্জাবি তুলে দেন অতিথিরা। কর্মসূচির শুরুতে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

