বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে প্রতিবেশীর লিচু বাগানের জমি দখল করে পুকুর খনন করার অভিযোগ উঠেছে আব্দুর রশিদ ওরফে সাও রশিদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী আসাদুল ইসলাম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মোমিনপুর গ্রামের আব্দুর রশিদ ওরফে সাও রশিদ অবৈধভাবে ভেকু মেশিন ব্যবহার করে বিশাল আকৃতির পুকুর খনন করছেন। প্রায় ১৫-২০ ফুট গভীর এই পুকুর খননের ফলে পাশের আসাদুল ইসলামের লিচু বাগানটি ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (৫ জুন) দুপুরে আসাদুল ইসলাম খননকাজে বাধা দিতে গেলে আব্দুর রশিদ দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করেন। প্রত্যক্ষদর্শী প্রতিবেশী মাসুদ রানা জানান, এ বিষয়ে কথা বলতে গেলে অভিযুক্ত রশিদ মারমুখী আচরণ করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মইনুদ্দিন বলেন, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

