বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সুমন (৩৯) ও ইয়াসিন (৩৫) নামে দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। আজ সোমবার (১৮ মে) সকালে উপজেলার মোকামতলা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ওই এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে সুমন এবং জামিল হোসেনের ছেলে ইয়াসিন। এ ঘটনায় মূল অভিযুক্ত রাহাত মণ্ডলকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সুমন ও ইয়াসিনের পরিবারের সঙ্গে একই এলাকার রাহাত মণ্ডলের মাত্র তিন শতক জমি নিয়ে বিবাদ চলছিল। স্থানীয়ভাবে বেশ কয়েকবার বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। সর্বশেষ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উভয়পক্ষ বিবাদে জড়িয়ে পড়লে একপর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের পিটুনি ও ধারালো অস্ত্রের আঘাতে সুমন ও ইয়াসিন গুরুতর আহত হন। এদের মধ্যে ঘটনাস্থলেই ইয়াসিনের মৃত্যু হয়। আর গুরুতর আহত সুমনকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, “মূলত জমি–সংক্রান্ত বিরোধের জের ধরেই এই সহিংসতার ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে মূল অভিযুক্ত রাহাত মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
তিনি আরও জানান, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

