বগুড়া প্রতিনিধি:
নারীদের স্বাবলম্বী করতে নাগরিকদের জন্য আমরা-এর উদ্যোগে বগুড়ায় ফুড কার্ট, খাদ্য সামগ্রী, সরঞ্জামাদি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রোববার (১৭ মে) মহানগরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন মতিন স্পেশালাইজড হাসপাতাল-এর সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির।
সংগঠনের সভাপতি আলহাজ্ব অধ্যাপক লুৎফর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু মুসার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিনের ভ্রাম্যমাণ প্রতিনিধি প্রতীক ওমর, সমাজসেবক এম এ শহীদ, রেজাউল করিম, গোলাম ফারুক সোহেল, অ্যাডভোকেট জুলফিকার আলী, মাসুম মিয়া, আব্দুস সালাম, ফজলুল হক বাবলুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের কল্যাণ এবং দেশ ও জাতির উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে একেএম আহসানুল তৈয়ব জাকির বলেন, “নাগরিকদের জন্য আমরা সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে অত্যন্ত প্রশংসনীয় কাজ করে যাচ্ছে। নিজেদের অর্থায়নে মানবকল্যাণে কাজ করা সত্যিই মহৎ উদ্যোগ।”
তিনি সংগঠনটির বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য, সংগঠনটি এর আগে বৃক্ষরোপণ, যানজট নিরসন ও পরিচ্ছন্নতা বিষয়ে মানববন্ধন, রেললাইন ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে কর্মসূচি, সেহরি-ইফতার ও ঈদসামগ্রী বিতরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করেছে।

