ঢাকাবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় আইনজীবী জুবাইরের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ৩০, ২০২৬ ১১:০২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, বগুড়া: বগুড়া জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল্লাহীল জুবাইরকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে মারপিটের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় জেলা জজ আদালত প্রাঙ্গণের সামনের সড়কে এই কর্মসূচি পালন করা হয়।

​মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন আইনজীবীকে দিনে-দুপুরে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পৈশাচিক নির্যাতন চালানো অত্যন্ত ন্যাক্কারজনক। বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। অন্যথায় আদালত বর্জনসহ আরও কঠোর ও লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

​সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামূল হক পান্নার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন— সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আসিফ, বগুড়া বারের ‘ল’ ইয়ার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক নূরুল ইসলামসহ সিনিয়র ও জুনিয়র আইনজীবীবৃন্দ।

মামলার বিবরণ: এই ঘটনায় ভুক্তভোগী অ্যাডভোকেট মো. আব্দুল্লাহীল জুবাইর বাদী হয়ে বগুড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সদর আমলি) আদালতে মামলা দায়ের করেছেন। মামলায় শহরের কামারগাড়ী এলাকার ‘টয়োটা মটরস’-এর স্বত্বাধিকারী মো. আবু নাসিরসহ ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

​মামলা সূত্রে জানা যায়, ঘটনার দিন আসামি আবু নাসির কাজের কথা বলে মোবাইল ফোনে জুবাইরকে বাড়ির গেটে ডাকেন। তিনি গেটে আসামাত্রই নাসির ও তার সাঙ্গপাঙ্গরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে একটি অজ্ঞাত স্থানে আটকে রাখে। সেখানে ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করা হয়। নির্যাতনের একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেললে সন্ত্রাসীরা তাকে মাটিডালি রোডের ফ্রেশ পানি কোম্পানির সামনে ফেলে রেখে পালিয়ে যায়।

​আরও অভিযোগ করা হয় যে, অপহরণের পর জুবাইরের কাছ থেকে জোরপূর্বক ১০০ ও ৫০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়েছে। পরে এক সিএনজি চালকের সহায়তায় তার পরিবার খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে মোহাম্মদ আলী হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

Don`t copy text!