মো. আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ মোছাঃ সুফিয়া খাতুন (৫৩) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার আগরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ‘আশীবাদ মিষ্টান্ন ভান্ডার’-এর সামনের সড়ক থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত সুফিয়া খাতুন উপজেলার মাতুয়ারকান্দা দক্ষিণপাড়া এলাকার মৃত সুলু মিয়ার মেয়ে এবং মো. আব্দুল মান্নানের স্ত্রী।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর থানার এসআই সুজন বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে। ওই এলাকায় মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করার সময় পুলিশ সংবাদ পায় যে, এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে আগরপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীনকে অবহিত করে সেখানে অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই নারী কৌশলে পালানোর চেষ্টা করলে নারী কনস্টেবল লিজা আক্তারের সহায়তায় তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৬০ হাজার টাকা।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এলাকাকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

