এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সোহানা নাসরিন। তিনি বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লার স্থলাভিষিক্ত হচ্ছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাঠ প্রশাসনের কার্যক্রমে গতিশীলতা আনার অংশ হিসেবে এই রদবদল করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোহা. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
একই প্রজ্ঞাপনে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইলিয়াস মিয়াকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে। এছাড়া প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত রাখা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সোহানা নাসরিনকে কিশোরগঞ্জ জেলার দায়িত্ব প্রদান করা হয়। জনস্বার্থে জারিকৃত এই আদেশ দ্রুত কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

