মো. আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে উৎসবমুখর পরিবেশে ‘স্কুল ফিডিং’ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (০৬ এপ্রিল) বেলা ১১টার দিকে কুলিয়ারচর বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে দুধ, কলা, পাউরুটি ও ডিম বিতরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথি মেফতাহুল হাসান বলেন, “সরকার সারা দেশের ১৫০টি উপজেলায় প্রাথমিক শিক্ষার্থীদের জন্য টিফিনের বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। এর আওতায় শিক্ষার্থীরা সপ্তাহে ৬ দিন বিনামূল্যে বিভিন্ন মৌসুমী ফল, পাউরুটি, পুষ্টিকর দুধ, ডিম ও বিস্কুট পাবে। প্রতিদিন একই খাবার নয়, বরং একেক দিন একেক স্বাদের পুষ্টিকর খাবার পরিবেশন করা হবে।” তিনি খাবারের মান বজায় রাখতে পরিবেশকদের কঠোর নির্দেশনা দেন এবং যথাযথভাবে কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ও শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
* মো. কিতাব আলী: ভারপ্রাপ্ত সভাপতি, উপজেলা বিএনপি।
* কাজী আরিফ উদ্দীন: অফিসার ইনচার্জ (ওসি), কুলিয়ারচর থানা।
* মো. আনিসুর রহমান: উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার।
* হাজী মো. সাহাদাত হোসেন শাহ আলম: সাধারণ সম্পাদক, পৌর বিএনপি।
* ফারুকুল ইসলাম ফারুক: সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপি।
* আজহার উদ্দিন লিটন: আহ্বায়ক, উপজেলা যুবদল।
* মো. কামরুল ইসলাম মুছা: প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, উপজেলা বিএনপি।
* মো. মাহফুজুল হক: সভাপতি, প্রাথমিক শিক্ষা সমিতি।
উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর্মসূচির পরিবেশক হাজী মো. দেলোয়ার হোসেন মান্নান, সাইদুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
সাপ্তাহিক স্কুল ফিডিং কর্মসূচির খাদ্য তালিকা:
বিদ্যালয়ের কার্যদিবসগুলোতে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত পুষ্টিকর খাবারের সূচি নিম্নরূপ:
বার | বরাদ্দকৃত খাদ্য সামগ্রী |
রবিবার | বনরুটি (১২০ গ্রাম) ও সিদ্ধ ডিম (৬০ গ্রাম)
সোমবার | বনরুটি (১২০ গ্রাম) ও ইউএইচটি দুধ (২০০ মিলি) |
মঙ্গলবার | ফর্টিফাইড বিস্কুট (৭৫ গ্রাম) ও মৌসুমী ফল/কলা (১০০ গ্রাম) |
বুধবার | বনরুটি (১২০ গ্রাম) ও সিদ্ধ ডিম (৬০ গ্রাম)
বৃহস্পতিবার | বনরুটি (১২০ গ্রাম) ও সিদ্ধ ডিম (৬০ গ্রাম) |
দ্রষ্টব্য: মানসম্মত পুষ্টি নিশ্চিত করতে এই খাদ্য তালিকায় বৈচিত্র্য আনা হয়েছে যা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হবে।

