মোঃ মাহমুদুল হাবিব রিপন,গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা পৌর শহরের ২ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক রঞ্জু মিয়ার ওপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৌর শ্রমিকদলের উদ্যোগে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন জেলা শ্রমিক দলের নেতা হুনান হক্কানী, জেলা যুবদল সভাপতি রাগিব হাসান চৌধুরী সহ পৌর শ্রমিক দলের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, বিএনপি ও শ্রমিকদলের নেতারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এছাড়া মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই বুলবুলের অপসারণের দাবিও তোলা হয়।
উল্লেখ্য, গত ৮ মার্চ রাতে রঞ্জু মিয়া তার মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করলে প্রতিপক্ষের হামলায় তিনি সহ চারজন আহত হন। এ ঘটনায় সদর থানায় মামলা হলেও এখনো আসামিরা গ্রেফতার হয়নি।

