শফিকুল ইসলাম শফিক,সুনামগঞ্জ প্রতিনিধি
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর অভিযানে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ৪৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
র্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টা ১০ মিনিটের দিকে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের কাপনা এলাকায় একটি ব্রিজের নিচে অভিযান পরিচালনা করে।
র্যাব সূত্র জানায়, কয়েকজন মাদক ব্যবসায়ী সেখানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। রাত ১১টা ২৫ মিনিটে র্যাবের দল ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে ২/৩ জন ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল ও আশপাশে তল্লাশি চালিয়ে একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৪৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় পলাতক অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। উদ্ধারকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

