শফিকুল ইসলাম শফিক (সুনামগঞ্জ)
প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২২ জানুয়ারি সিলেট আগমন উপলক্ষে সুনামগঞ্জ-০১ আসনের অন্তর্গত মধ্যনগর উপজেলায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে মধ্যনগর বাজারে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সুনামগঞ্জ-০১ আসনের চূড়ান্ত মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল।
সভায় সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত এবং সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু।
প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২২ জানুয়ারি সিলেট আগমন উপলক্ষে সুনামগঞ্জ-০১ আসনের সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি নিচ্ছেন। তিনি জানান, মধ্যনগর উপজেলার নেতাকর্মীরা সম্মিলিতভাবে সিলেটের সমাবেশে অংশগ্রহণ করে দলীয় কর্মসূচি সফল করবেন। এ সময় তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি সুসংগঠিতভাবে মাঠে রয়েছে।
সভায় মধ্যনগর উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে নেতাকর্মীরা আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।।

