মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাটে প্রায় ১৪ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করেছে রাজারহাট থানা পুলিশ। এ ঘটনায় আসমান আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে রাজারহাট-তিস্তা আঞ্চলিক মহাসড়কের ঘোড়ামারা ব্রিজসংলগ্ন এলাকায় আসমান আলীর বসতবাড়িতে অভিযান চালায় রাজারহাট থানা পুলিশ। এ সময় তাঁর বসতবাড়ি থেকে প্রায় ১৪ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয় এবং আসমান আলীকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে গ্রেফতার ব্যক্তিকে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ চাষ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা।

