উজ্জ্বল কুমার নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী উপজেলায় রাস্তার পাশ থেকে জুয়েল হোসেন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার বালুভরা ইউনিয়নের আরচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে একটি কাঁচা রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জুয়েল হোসেন আরচা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে একই গ্রামের বাসিন্দা সাদেক আলী (৬৫) ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার ওপর একজনকে পড়ে থাকতে দেখেন। সন্দেহ হলে তিনি ডাক-চিৎকার শুরু করেন।
তাঁর চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে এসে জুয়েল হোসেনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বদলগাছী থানা পুলিশ জানায়, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। যুবকের মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

