ঢাকাবৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে সরকারি খাল ও ব্যক্তিমালিকানাধীন জমির মাটি বিক্রির অভিযোগ

প্রতিবেদক
Sagar Chandra
অক্টোবর ১, ২০২৬ ১:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

 

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘড়িয়া এলাকায় সরকারি খাল ও ব্যক্তিমালিকানাধীন জমি থেকে মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। সাতঘড়িয়া মৃধাবাড়ির বাসিন্দা শিপু মৃধার বিরুদ্ধে মাটি কেটে বিক্রিসহ মাদক সেবনেরও অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা ও জমির মালিকদের অভিযোগ, গত তিন মাসের বেশি সময় ধরে ভোররাতে খাল ও জমি থেকে মাটি কেটে ট্রলি ও মাহিন্দ্রায় করে বিভিন্ন এলাকায় বিক্রি করছে। এতে খালের পাড় ও পরিবেশের পাশাপাশি স্থানীয় সড়কও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ভুক্তভোগী লাইজু আক্তারের অভিযোগ, ২০২২ সালে সাতঘড়িয়া মৌজায় ১১ শতাংশ ৩০ পয়েন্ট জমি কেনেন তিনি। এরপর জমিটি ভোগদখলে রেখে বিভিন্ন ফলদ ও কাঠজাতীয় গাছ লাগান। তাঁর অভিযোগ, গত তিন মাস ধরে ওই জমি থেকে শিপু মৃধা মাটি কেটে বিক্রি করছেন। পাশাপাশি পাশের সরকারি হলদিয়া-গোয়ালীমান্দ্রা খালের সাতঘড়িয়া অংশ থেকেও মাটি কাটার অভিযোগ করেন তিনি।

লাইজু আক্তারের স্বামী কাওছার বলেন, মাটি কাটতে বাধা দেওয়ায় তাঁদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। তাঁরা গ্রামে নিয়মিত বসবাস করেন না বলেও জানান তিনি। তিনি আরও জানান, শিপু মৃধা একটা মাদকাসক্ত। তার উপদ্রবে গ্রামের মানুষ অতিষ্ঠ।

সরেজমিনে সাতঘড়িয়া মুরগির খামারসংলগ্ন এলাকায় মাটি কাটার চিহ্ন ও মাটি পরিবহনের যানবাহন দেখা যায়। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ভোররাত থেকে সকাল পর্যন্ত মাটি কেটে বিভিন্ন স্থানে নেওয়া হয়। তাঁদের অভিযোগ, মাটি পরিবহনের কারণে সম্প্রতি নির্মিত সড়কটিরও ক্ষতি হচ্ছে।

অভিযোগের বিষয়ে শিপু মৃধা বলেন, তিনি কোনো সরকারি খালের মাটি কাটছেন না; নিজের জমির মাটি বিক্রি করছেন। মাদক সেবনের অভিযোগও অস্বীকার করে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে আনা এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু বলেন, সরকারি খালের মাটি কাটার বিষয়ে তাঁর কাছে কোনো অভিযোগ আসেনি। তবে অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। ব্যক্তিমালিকানাধীন জমির মাটি বিক্রির ক্ষেত্রেও অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সরকারি খালের বিষয়টিও তিনি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান।

Don`t copy text!