আরিফুল ইসলাম খান, মুন্সিগঞ্জ প্রতিনিধি:
অগ্রণী ব্যাংক লিমিটেডের শ্রীনগর শাখার ক্যাশ অফিসার মোঃ শফিকুজ্জামান সোহাগের বিরুদ্ধে গ্রাহকের অর্থ জালিয়াতির অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অগ্রণী ব্যাংকের শ্রীনগর শাখায় গ্রাহকের জমা করা অর্থ নিয়ে অনিয়মের প্রাথমিক অভিযোগ পাওয়ার পর বিষয়টি ব্যাংক ও প্রশাসনের তদন্তের আওতায় আসে। তথ্যের সত্যতা নিশ্চিত হওয়ার পর গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানী ঢাকায় বিশেষ অভিযান চালিয়ে শফিকুজ্জামান সোহাগকে গ্রেপ্তার করে।
তবে জালিয়াতির মাধ্যমে ঠিক কত টাকা আত্মসাৎ করা হয়েছে, এই অনিয়মের পদ্ধতি এবং এর সাথে অন্য কেউ জড়িত আছে কি না—সে বিষয়ে এখনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
ব্যাংক কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে যুক্ত করা হবে।

