উজ্জ্বল কুমার, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সবচেয়ে বড় ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঐতিহ্যবাহী ‘কারাম উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঐতিহাসিক ডাকবাংলা মাঠে জাতীয় আদিবাসী পরিষদ মহাদেবপুর উপজেলা কমিটির আয়োজনে এ উৎসবের আয়োজন করা হয়। সংগঠনটির উপজেলা কমিটির সভাপতি দিলীপ পাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল।
জাতীয় আদিবাসী পরিষদ মহাদেবপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক যোগেশ ওড়াওয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানজুরা মুশাররফ, সংসদ সদস্যের সহধর্মিণী মুনিরা সুলতানা, মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, রুমিয়া প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক মো. মুরাদ হাসান, উপদেষ্টা উজ্জ্বল কুমার সরকার এবং আদিবাসী ছাত্র পরিষদ নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক চঞ্চল পাহানসহ বিশিষ্ট ব্যক্তিরা।
বর্ণাঢ্য এ কারাম উৎসবে নওগাঁ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত আদিবাসী সাংস্কৃতিক দল নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে নাচ-গানে অংশ নেয়। অনুষ্ঠান শেষে এ আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

