তেরখাদা প্রতিনিধি (১৫ আগস্ট):
উপজেলার পানতিতা এ এফ এম আব্দুল জলীল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির প্রথম সভা ও এলাকার সুধীজনদের নিয়ে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৪ আগস্ট সকাল ১০টার দিকে বিদ্যালয় মিলনায়তনে এ সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নৃপেন চন্দ্র ভদ্রের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের বিপিএড শিক্ষক মো. রবিউল ইসলামের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এবং উপস্থিত ছিলেন খুলনা জেলা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সাবেক সভাপতি ও প্রখ্যাত আইনজীবী আব্দুল্লাহ হোসেন বাচ্চু, যশোর বোর্ডের সাবেক চেয়ারম্যান এম আবুল বাসার মোল্লা, অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত ম্যানেজার আব্দুস সালাম মোল্লা, এ এফ এম আব্দুল জলীল মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি জহির হাসান, জীবন বীমা কর্পোরেশনের ডিজিএম মো. তৌহিদুর রহমান, অ্যাডভোকেট এফ এম আক্তারুজ্জামান, সাবেক প্রধান শিক্ষক শেখ শাহজাহান আলী, বিএনপি নেতা মো. বিল্লাল হোসেন ও মোল্যা রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. গোলাম মোস্তফা ভুট্টো, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, সমাজসেবক শেখ আজিজুর রহমান আজিবার এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মো. আব্দুর রহমান।
সভায় বক্তারা বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্ব দিতে হবে। সময়ানুবর্তিতা, দায়িত্ববোধ, সততা, মানবিকতা ও দেশপ্রেমের মতো মূল্যবোধ শিক্ষার্থীদের মধ্যে গড়ে তুলতে হবে। খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, বিতর্ক, বিজ্ঞান চর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে হবে।
বক্তারা আরও বলেন, বিদ্যালয়ের শিক্ষক, কর্তৃপক্ষ, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তবেই এ এফ এম আব্দুল জলীল মাধ্যমিক বিদ্যালয়টি একটি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরিত করা সম্ভব। বক্তারা বিদ্যালয়সংশ্লিষ্ট সকলকে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে নিরলস কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানান।

