উজ্জ্বল কুমার, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে অটো রাইচ মিলের বয়লারের আগুনযুক্ত ছাই ও গরম পানি ফেলা পুকুরে পড়ে রিয়াল ইসলাম (১২) নামের এক মানসিক ভারসাম্যহীন কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মহাদেবপুর উপজেলা সদরের কুঞ্জবন এলাকায়।
খবর পেয়ে গত শনিবার সন্ধ্যায় ফায়ার সার্ভিসের একটি দল ও মহাদেবপুর থানা পুলিশ কুঞ্জবন এলাকার তানজিদা অটো চাউল কল থেকে কিশোরের লাশ উদ্ধার করে।
জানা যায়, মানসিক ভারসাম্যহীন ওই কিশোরের মা-বাবা ঢাকায় থাকার কারণে সে তার নানা-নানির কাছে থাকত। শনিবার দুপুরের দিকে সে নিখোঁজ হয়। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে হতাশ হয়ে পড়েন। সন্ধ্যার আগে কুঞ্জবনে অবস্থিত তানজিদা অটো চাউল কলের পানিতে ওই কিশোরের পায়ের স্যান্ডেল ভাসতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দেন।
খber পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে বয়লারের ছাইযুক্ত ও গরম পানির পুকুর থেকে রাত ৮টার দিকে লাশ উদ্ধার করে মহাদেবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। বয়লারের পানিতে পড়ে মৃত্যুর সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

