ঢাকাশুক্রবার , ১৭ জুলাই ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর মহাদেবপুরে ঐতিহ্যবাহী ভূতনাথ মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুর

প্রতিবেদক
Sagar Chandra
জুলাই ১৭, ২০২৬ ৩:০৮ অপরাহ্ণ
Link Copied!

উজ্জল কুমার সরকার , নওগাঁ:

​নওগাঁর মহাদেবপুর উপজেলার ১০ নম্বর ভীমপুর ইউনিয়নের শিকারপুর সোনাপুর বেলী ব্রিজ এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী ভূতনাথ মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুর এবং মন্দিরের দানবাক্স লুটের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) দিবাগত রাতে এই অনাকাঙ্ক্ষিত ও ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে।

​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই মন্দিরে নিয়মিত পূজা-অর্চনা চলে আসছিল। তবে মঙ্গলবার রাতের কোনো এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে। তারা সেখানে থাকা ভূতনাথ প্রতিমা ভাঙচুর করে এবং মন্দিরের দানবাক্স ভেঙে ভেতরে থাকা নগদ অর্থ লুট করে নিয়ে যায়। পরদিন সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়।

​মন্দির কমিটির সদস্যরা জানান, এ ধরনের ঘটনায় তারা গভীরভাবে মর্মাহত ও আতঙ্কিত। তাদের অভিযোগ, কোনো বিশেষ গোষ্ঠী পরিকল্পিতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার উদ্দেশ্যে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটিয়েছে।

​ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও এলাকাবাসী মন্দির প্রাঙ্গণে ভিড় করেন। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। বিক্ষুব্ধ এলাকাবাসী বলেন, ধর্মীয় উপাসনালয়ে হামলা ও প্রতিমা ভাঙচুর কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন ঘৃণ্য কাজ করার সাহস না পায়।

​স্থানীয়রা দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।

Don`t copy text!