রতন মালাকার, সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহারে জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ জুলাই (বৃহস্পতিবার) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুজ্জামান। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান টকি, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, থানার ওসি (তদন্ত) এইচএম নাজমুল হুদা, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও সাংবাদিক বাবুল আকতার এবং জুলাই আন্দোলনের যোদ্ধা উপজেলার তিলনা বাজার এলাকার রুবেলের পিতা রইছ উদ্দিন।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জুলাইয়ের শহীদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
সভায় উপস্থিত অতিথিরা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা প্রার্থনা করেন। একইসঙ্গে নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য সঠিকভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সবশেষে জুলাই আন্দোলনের সকল শহীদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

