উজ্জ্বল কুমার, নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক প্রতিবেশীর ছাগলের বাচ্চার পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এই নৃশংসতার প্রতিবাদ করতে গেলে প্রতিপক্ষের হামলায় নারীসহ তিন জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার হাতুড় ইউনিয়নের চকচকি দুর্গাপুর গ্রামে।
এ ঘটনায় সোমবার ভুক্তভোগীর ছোট ভাই মো. হারুন হোসেন বাদী হয়ে মহাদেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহতরা হলেন—চকচকি দুর্গাপুর গ্রামের মো. ভিকুতুল্লাহ, তার ছেলে মো. ফারুক হোসেন এবং ফারুকের স্ত্রী মোছা. ঋতু।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, রোববার বিকেলে ফারুক হোসেনের একটি ছাগলের বাচ্চা ভুলবশত প্রতিবেশী মোস্তাকিমের বাড়িতে ঢুকে পড়ে। অভিযোগ রয়েছে, পূর্ব শত্রুতার জেরে মোস্তাকিম ধারালো বটি দিয়ে ছাগলের বাচ্চাটির পায়ের রগ ও গোড়ালির অংশ কেটে দেন।
ছাগলটির আর্তচিৎকার শুনে ফারুকের স্ত্রী ঋতু ঘটনাস্থলে গিয়ে প্রাণীটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় মোস্তাকিমকে হাতে বটি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বলে অভিযোগ করা হয়েছে। পরে বিষয়টি ফারুককে জানালে তিনি ও তার স্ত্রী ঘটনার কারণ জানতে মোস্তাকিমের বাড়ির আঙিনায় যান।
অভিযোগে আরও বলা হয়, এ সময় মোস্তাকিম, মৃত আব্দুর রশিদের ছেলে দুলাল হোসেন, বেলাল হোসেনের ছেলে নুর আলম, মোস্তাকিমের বোন মুনি ও স্ত্রী শিমুসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান। এতে ফারুক, তার স্ত্রী ঋতু ও বাবা ভিকুতুল্লাহ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
এ বিষয়ে মহাদেবপুর থানার পুলিশ জানায়, থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

