সিরাজুল ইসলাম,কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ক্রীড়া সংস্থার স্থবিরতা কাটাতে এবং ক্রীড়াঙ্গনকে গতিশীল করতে নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনা এবং স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে এই কমিটি গঠন করা হয়।
গত ১৪ জুন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অফিসিয়াল প্যাডে অনুমোদিত এ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়া বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজকর্মী মো. ইলিয়াছ নতুন কমিটির সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোরশেদ আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজমল হোসেন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুর রশিদ। এছাড়া স্থানীয় ক্রীড়াঙ্গনের প্রতিনিধি হিসেবে কমলনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাজ্জাদুর রহমান সাজুকে কমিটিতে সদস্য করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় ক্রীড়া পরিষদের গাইডলাইন মেনে উপজেলা ক্রীড়া সংস্থার বিদ্যমান স্থবিরতা দূর করার লক্ষ্যে এই অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত এই কমিটি দ্রুত দায়িত্ব গ্রহণ করে কমলনগরের ঝিমিয়ে পড়া ক্রীড়া কার্যক্রম সচল করা, স্থানীয় পর্যায়ে বিভিন্ন খেলার আয়োজন এবং তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সচেতন মহল।

