মোঃ হামিদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপসার ইউনিয়নের পাঠকপাড়া গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ব্র্যাক’ (BRAC)-এর সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরীদের প্রথম পর্বের সমাপনী অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১২ জুন) বিকেলে স্থানীয় চক্রাটারি গ্রামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রথম পর্ব সফলভাবে সম্পন্নকারী কিশোরীদের মাঝে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ‘অ্যাচিভমেন্ট সার্টিফিকেট’ (Achievement Certificate) প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রভাষক শ্রী শংকর রায়, স্বাবলম্বী সংস্থার নির্বাহী প্রধান শরিফা বেগম, স্থানীয় ইউপি সদস্য নাসরিন আক্তার এবং সমাজসেবক আলহাজ্ব মোঃ কফিল। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং কর্মসূচিতে অংশগ্রহণকারী কিশোরীরা উপস্থিত ছিলেন। সংবাদ সংগ্রহে সার্বিক সহযোগিতা করেন দৈনিক বাংলার প্রতিচ্ছবি’র জেলা স্টাফ রিপোর্টার ও কেটিভি (KTV) নিউজের উপজেলা প্রতিনিধি মোঃ জাহিদ হাসান।
অনুষ্ঠানে বক্তারা ব্র্যাকের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, কিশোরীদের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী। এটি গ্রামীণ কিশোরীদের আত্মবিশ্বাসী ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে অনন্য ভূমিকা পালন করবে।
সবশেষে অতিথিরা প্রথম পর্ব সম্পন্নকারী স্বপ্নসারথি কিশোরীদের হাতে সম্মাননা সনদ তুলে দেন।

