তেরখাদা (খুলনা) প্রতিনিধি:
খুলনার তেরখাদায় পরিবেশ রক্ষা ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (১০ জুন) দুপুরে উপজেলা সদরের বিভিন্ন বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা নীলা।
অভিযান চলাকালে উপজেলার কাটেঙ্গা বাজার, জয়সেনা বাজার ও তেরখাদা বাজারের বিভিন্ন দোকানে তদারকি করা হয়। এসময় নিষিদ্ধ পলিথিন ও প্লাস্টিক ব্যাগ ব্যবহার করার দায়ে তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনাকালে ইউএনও তাহমিনা সুলতানা নীলা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, “পরিবেশ রক্ষায় সরকার প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করেছে। এর পরিবর্তে পাটজাত দ্রব্যের ব্যবহার বাধ্যতামূলক করতে হবে।”
তিনি ব্যবসায়ীদের প্লাস্টিক ব্যাগ ও বস্তার ব্যবহার থেকে বিরত থাকার কঠোর নির্দেশনা প্রদান করেন। ভবিষ্যতে আইনের ব্যত্যয় ঘটিয়ে প্লাস্টিক পণ্যের ব্যবহার অব্যাহত রাখলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

