মোঃ হামিদুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে রাইশা মনি (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। রবিবার (৭ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাঁচকোল দক্ষিণ খামার এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশু রাইশা মনি ওই এলাকার রাশেদুল ইসলামের মেয়ে এবং স্থানীয় ‘কাঁচকোল বাজার নবিজান নূরানী ও হাফেজিয়া মাদ্রাসা’র দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির সামনে ব্রহ্মপুত্র নদে অন্য শিশুদের সঙ্গে গোসল করতে যায় রাইশা। গোসলের এক পর্যায়ে সে নদের কিনারা থেকে পানির গভীরে তলিয়ে যায়। তার সঙ্গে গোসল করতে আসা রাকিবুল ইসলাম, মনির মিয়া, সাগর মিয়া ও ফারহানা খাতুন তাকে ডুবে যেতে দেখে। ফারহানা তাকে বাঁচাতে এগিয়ে গেলেও ব্যর্থ হয় এবং শিশুটি নিখোঁজ হয়।
খবর পেয়ে চিলমারী ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। এ বিষয়ে ফায়ার সার্ভিসের টিম লিডার গোলজার হোসেন জানান, কুড়িগ্রাম জেলায় তাদের কোনো ডুবুরি দল নেই। রংপুর বিভাগে যে ডুবুরি দল রয়েছে, তারা বর্তমানে লালমনিরহাটে অন্য একটি উদ্ধার অভিযানে ব্যস্ত থাকায় আজ তাদের আসা সম্ভব হচ্ছে না। সোমবার সকালে উদ্ধার অভিযান শুরু হতে পারে বলে তিনি জানিয়েছেন।

