সিরাজুল ইসলাম, কমলনগর (লক্ষ্মীপুর) :
লক্ষ্মীপুরের কমলনগরে ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হোছাইন ও কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলম।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোরশেদ আলম, যুব উন্নয়ন কর্মকর্তা আজমল হোসেন, কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু ও সাধারণ সম্পাদক মো. ফয়েজ, গ্রাম আদালত জেলা ব্যবস্থাপক খন্দকার মোহাম্মদ আবেদ উল্লাসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মশালায় বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ের ছোটখাটো বিরোধগুলো শান্তিপূর্ণভাবে দ্রুততম সময়ে নিষ্পত্তির মাধ্যমে সামাজিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে গ্রাম আদালত অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। সরকারের এই লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করার ওপর বক্তারা বিশেষ জোরারোপ করেন। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পর্যায়ে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

