ঢাকাবৃহস্পতিবার , ৪ জুন ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

জামিনে মুক্ত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী

প্রতিবেদক
Sagar Chandra
জুন ৪, ২০২৬ ২:১২ পূর্বাহ্ণ
Link Copied!

মো. সজীব সিদ্দিক, নারায়ণগঞ্জ প্রতিনিধি:

​নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার বিকেলে তার জামিনের কাগজপত্র গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে পৌঁছানোর পর তিনি মুক্তি পান।

​বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন। তিনি জানান, আইভীর আইনজীবি ও পরিবারের সদস্যরা তাকে কারাগারের সামনে থেকে গ্রহণ করেছেন।

​উল্লেখ্য যে, ডা. আইভীর বিরুদ্ধে মোট ১২টি মামলা দায়ের করা হয়েছিল। গত ১০ মে আপিল বিভাগ ১০টি মামলায় তার জামিন বহাল রাখেন। এছাড়া অপর দুটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে, গত ১৭ মে সেই মামলাগুলোতেও তার জামিন বহাল রাখার আদেশ দেন আপিল বিভাগ।

​আইনজীবী আওলাদ হোসেন জানান, জামিন আদেশের কপি নারায়ণগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালতে পৌঁছানোর পর জামিনের আবেদন করা হয়। আদালত তা অনুমোদন করলে জামিনের কাগজপত্র কারাগারে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। তবে ঈদের ছুটির কারণে দাপ্তরিক প্রক্রিয়ায় কিছুটা সময় অতিবাহিত হওয়ায় আজ তার মুক্তির বিষয়টি চূড়ান্ত হয়।

​উল্লেখ্য, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর ১৮ আগস্ট অন্তর্বর্তী সরকার ডা. সেলিনা হায়াৎ আইভীকে মেয়র পদ থেকে অপসারণ করে। এরপর ২০২৫ সালের ৮ মে রাতে নারায়ণগঞ্জের দেওভোগের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

​গ্রেপ্তার পরবর্তী সময়ে আইভীর আইনজীবীরা একের পর এক মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আইনি বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন। শুনানির পর গত ২৬ এপ্রিল হাইকোর্ট তাকে নতুন কোনো মামলায় হয়রানি বা গ্রেপ্তার না করার নির্দেশ দেয় এবং কেন এই গ্রেপ্তার প্রক্রিয়া অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে।

​নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তিনবারের মেয়র ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেবেন বলে তার আইনজীবী গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

Don`t copy text!