মো: আবদুল কাদের, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মো. হানিফ (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (৩১ মে) সকালে উপজেলার চরপাতা ইউনিয়নের পূর্ব চরপাতা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হানিফ ওই এলাকার মৃত হাবিব উল্লাহর ছেলে।
নিহতের ছেলে রিপন অভিযোগ করে জানান, নিজেদের জমি থেকে মাটি কাটার সময় প্রতিবেশী আবদুল বারেক ওই জমির মালিকানা দাবি করে কাজে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তার বাবা জমির কাগজপত্র দেখিয়ে বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের প্রস্তাব দেন।
অভিযোগ অনুযায়ী, এতে ক্ষিপ্ত হয়ে আবদুল বারেক হানিফকে গালিগালাজ করেন এবং কিল-ঘুষি মারতে থাকেন। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

