স্বপন কুমার রায়, খুলনা ব্যুরো প্রধান:
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রবিবার (২৪ মে ২০২৬) দুপুরে নগরীর শহীদ আলতাফ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চেক প্রদান করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
অনুষ্ঠানে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই অনুদান প্রদান করা হয়। কেসিসির ৩১টি ওয়ার্ডের সর্বমোট ৭২৮ জন পরিচ্ছন্নতাকর্মীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৩৬ লাখ ৪০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, “পরিচ্ছন্নতাকর্মীরাই সিটি কর্পোরেশনের মূল কারিগর। অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করেই আমরা নগর সেবায় কাজ করে যাচ্ছি। শহরের রাস্তাঘাট পরিষ্কার রাখতে ভবিষ্যতে দিনে দুই বেলা ঝাড়ু দেওয়ার পরিকল্পনা আমাদের রয়েছে।”
ঈদ-উল-আযহা সামনে রেখে প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, “নগরবাসীর সুবিধার জন্য এবার কোরবানির জন্য ১৪০টি স্থান নির্ধারণ করা হয়েছে। ড্রেনে বর্জ্য বা রক্ত না ফেলে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার জন্য সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি। একটি গ্রিন ও ক্লিন শহর উপহার দিতে নগরবাসীর সহযোগিতা একান্ত কাম্য।”
তিনি আরও জানান, পবিত্র ঈদ-উল-আযহা চলাকালীন সকল কর্মকর্তা-কর্মচারী ও পরিচ্ছন্নতাকর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। ঈদের দিন দুপুর থেকে রাত ১০টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে। ইতোমধ্যে ব্লিচিং পাউডার ও বর্জ্য রাখার বস্তা বিভিন্ন ওয়ার্ডে পৌঁছে দেওয়া হয়েছে।
খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেসিসি’র সচিব মো. রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, কঞ্জারভেন্সি অফিসার আনিসুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, বাজার কর্মকর্তা শেখ শফিকুল হাসান দিদারসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

