তেরখাদা (খুলনা) সংবাদদাতা:
খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম (বিপিএম-সেবা) বলেছেন, “জনগণের নিরাপত্তা দেওয়াই পুলিশের প্রধান অঙ্গীকার। পুলিশ জনগণের বন্ধু হিসেবে সব সময় মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। আইনের শাসন প্রতিষ্ঠায় কাউকে ছাড় দেওয়া হবে না; অপরাধী যে-ই হোক তাকে আইনের আওতায় আনা হবে।”
আজ ১৯ মে বিকেলে তেরখাদা থানার সম্মেলন কক্ষে থানা পুলিশ আয়োজিত এক সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার বলেন, বর্তমান সময়ে প্রযুক্তির অপব্যবহার বেড়েছে। তাই তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীকে একযোগে কাজ করতে হবে। যুবসমাজকে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও নৈতিক শিক্ষার মাধ্যমে ইতিবাচক কাজে সম্পৃক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সচেতন নাগরিকরাই পারে অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে। তেরখাদার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে তিনি সবার ঐকান্তিক সহযোগিতা কামনা করেন।
তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মোঃ সাইফুল ইসলাম। তেরখাদা থানার ওসি (তদন্ত) মোঃ হাসানুজ্জামানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন:
- উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী ও সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু।
- উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শেখ হাফিজুর রহমান ও সেক্রেটারি মু. নাহিদ হাসান।
- তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান।
- প্রধান শিক্ষক মোঃ ইকরাম হোসেন জমাদ্দার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা শারাফাত হোসেন ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নাজিবুল ইসলাম মাসুম।
- সহকারী প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, পূজা ফ্রন্টের নেতা সমীর কুমার সাহা এবং যুবনেতা মোঃ গোলাম মোস্তফা ভুট্টো।
- বিএনপি নেতা শেখ ইউসুফ আলী, কৃষকদল নেতা মোঃ সাবু মোল্যা, মোঃ ইলিয়াজ হোসেন, মাওলানা আব্দুর রকিব এবং ইউপি সদস্য মোঃ সিদ্দিক মোল্যা।
সভায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় সুধীজন, সাংবাদিক এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

