সিরাজুল ইসলাম, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের এক উপজেলা নেতার ব্যবসা প্রতিষ্ঠানে পুলিশ কর্মকর্তার গানের আড্ডার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনায় জড়িত উপ-পরিদর্শক (এসআই) এ কে আজাদকে প্রত্যাহার (ক্লোজ) করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
শনিবার (১৬ মে) রাতে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে দুপুরে উপজেলার হাজিরহাট তদন্ত কেন্দ্রের এসআই এ কে আজাদকে তোরাবগঞ্জ বাজারে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম বিপ্লবের মুদি দোকানে গানের আড্ডায় মেতে উঠতে দেখা যায়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, জাহাঙ্গীর আলম বিপ্লবের দোকানের ক্যাশের সামনে বসে গলা ছেড়ে গান গাইছেন পুলিশ কর্মকর্তা এ কে আজাদ। এ সময় জাহাঙ্গীর আলম বিপ্লবকে গানের তালে তাল মেলাতে এবং একই সাথে দোকানের কাজ ও ক্যাশ পরিচালনা করতে দেখা যায়। এই ঘটনা প্রকাশ্যে আসার পর ১৭ মে লক্ষ্মীপুর জেলা পুলিশের পক্ষ থেকে ওই পুলিশ অফিসারকে ক্লোজ করে লক্ষ্মীপুর পুলিশ লাইন্সে যোগদানের আদেশ দেওয়া হয়।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও দেখে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বিএনপি নেতা জানান, বিগত সরকারের দোসরদের সাথে পুলিশ যদি এখনো এভাবে তাল মিলিয়ে চলে, তবে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা কতটুকু থাকবে তা নিয়ে প্রশ্ন ওঠে।
গান গাওয়ার বিষয়টি স্বীকার করে এসআই এ কে আজাদ জানান, “আমি দুপুরে লক্ষ্মীপুর থেকে এসে ওই দোকানে বসেছিলাম। তখনই সামান্য গান গেয়েছি। উনি যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, তা আমার জানা ছিল না। এই ঘটনাকে কেন্দ্র করেই আমাকে পুলিশ লাইন্সে যোগদানের আদেশ দেওয়া হয়েছে।”
এ বিষয়ে হাজিরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর হোসেন জানান, ভিডিও ভাইরালের ঘটনার প্রেক্ষিতে পুলিশ সুপার মহোদয়ের আদেশে এসআই আজাদকে ক্লোজ করে লক্ষ্মীপুর রিজার্ভ পুলিশে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

