সিরাজুল ইসলাম, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় নকল করার অভিযোগে সোলতান মাহমুদ জিসান নামে এক এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
রোববার দুপুরে পরীক্ষার হলে দায়িত্বরত কর্মকর্তারা তাকে নকলসহ হাতেনাতে আটক করেন। বহিষ্কৃত পরীক্ষার্থী জিসান উপজেলার চরলরেন্স এলাকার গ্লোবাল স্কুল এন্ড কলেজ-এর শিক্ষার্থী।
কেন্দ্র সচিব কামাল উদ্দিন বাহার জানান, প্রতিদিনের মতো রোববারও উচ্চতর গণিত বিষয়ের পরীক্ষা চলছিল। পরীক্ষার মাঝামাঝি সময়ে জিসান নকল বের করে লিখছিলেন। এ সময় হলের দায়িত্বরত কর্মকর্তাদের নজরে বিষয়টি আসে। পরে তার দেহ তল্লাশি করে নকলের প্রমাণ পাওয়া যায়।
পরীক্ষার শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাৎক্ষণিকভাবে তাকে পরীক্ষাকেন্দ্র থেকে বহিষ্কার করা হয় বলে জানান কেন্দ্র সচিব।

