মোঃ জাবেদ আহমেদ জীবন নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া
সাম্প্রতিক ভূমিকম্প আতঙ্কের প্রেক্ষাপটে দেশজুড়ে মানুষের মধ্যে যে উদ্বেগ ও অস্থিরতা দেখা দিয়েছে, তা থেকে মুক্তি এবং জাতির সার্বিক শান্তি কামনায় একটি বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নবীনগর উপজেলার বীরগাঁও মালিক ভরসা সংলগ্ন মনির হোসেন এর উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে আলেম-উলামা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সামাজিক কর্মকাণ্ডে জড়িত নেতাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। কুরআন তিলাওয়াত ও দুআ-মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মাওলানা আল আমিন হোসেন।
মোনাজাতে মহান আল্লাহর দরবারে দেশের মানুষকে ভূমিকম্পসহ সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করার জন্য প্রার্থনা জানানো হয়। একই সঙ্গে জাতির শান্তি-শৃঙ্খলা বজায় থাকা, মানুষকে হিংসা-বিদ্বেষ ও অন্যায়-অবিচার থেকে মুক্ত রাখার দোয়াও করা হয়।
এ সময় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মানুষের জন্য একটি সতর্কবার্তা। তাই সকলকে আল্লাহর কাছে বেশি বেশি তওবা-ইস্তিগফার ও দোয়া করার আহ্বান জানান তারা। পাশাপাশি মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন অতিথিরা।
দোয়া মাহফিল শেষে দেশের উন্নতি, অগ্রগতি, জান-মালের নিরাপত্তা ও ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

