ফরিদ মিয়া নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের জসিম উদ্দিন আকন্দ তার জমির মোকদ্দমা ডিক্রিমূলে নতুন খতিয়ান খোলার আবেদন করলে নান্দাইল সহকারী কমিশনার (ভূমি) অফিসের এক সহকারীর বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সূত্রে জানা যায়, নান্দাইল সিনিয়র সহকারী জজ আদালতে ২০২১ সালে ২৮৮ নং অন্য প্রকার মামলা দায়ের করা হয়। মামলাটি দীর্ঘ শুনানি শেষে গত ১২ আগস্ট ২০২৪ তারিখে আদালত চূড়ান্তভাবে নিষ্পত্তি করে রায় ঘোষণা করেন। উক্ত মামলায় জসিম উদ্দিন আকন্দ ডিক্রি লাভ করে। পরবর্তীতে ৮ অক্টোবর ২০২৪ সালে নতুন খতিয়ান খোলার জন্য জসিম উদ্দিন আবেদন করলে তা ৩৬৭৬(৪) নম্বরে নান্দাইল সহকারী কমিশনার (ভূমি) ১৪ অক্টোবর ২০২৪ অফিসে দাখিল হয় এবং তিনি বুঝে পান। পরবর্তীতে এসিল্যান্ড অফিসের কর্মরত অফিস সহকারী হাসমত আলী নামজারি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আবেদনকারী জসিম উদ্দিন আকন্দের নিকট ২০ হাজার টাকা ঘুষ দাবী করেন। অভিযোগ বিষয়ে জানতে চাইলে জসিম উদ্দিন জানান, “আমি জানতে চেয়েছিলাম অফিস সহকারী হাসমত আলীর নিকট এত টাকা কেন দিতে হবে। তখন হাসমত আলী বলেন, এটা অন্য ব্যক্তির জমি, টাকা না দিলে স্যার স্বার করবে না।” তিনি আরও অভিযোগ করেন, “অফিস সহকারী বলেন, জমিজমা সংক্রান্ত মামলার ডিক্রী কোর্টের মহুরিরা টাকার বিনিময়ে দিয়ে থাকেন।” ২০ হাজার টাকা দিতে অস্বীকার করায় তার জমির নামজারি প্রক্রিয়া সম্পন্ন করা হয়নি বলে দাবি করেন তিনি। ভুক্তভোগী জানান, বিষয়টি মৌখিকভাবে সহকারী কমিশনার (ভূমি) নান্দাইলকে অবহিত করা হলেও কোনো পদপে নেওয়া হয়নি। পরবর্তীতে তিনি গত ২৮ আগস্ট ২০২৫ তারিখে ময়মনসিংহ জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন অফিস সহকারী হাসমত আলীর বিরুদ্ধে।

